মাশরুম চাষ প্রণালী (সহজভাবে)
মাশরুম মিডিয়া, PDA, বিভিন্ন কালচার এসব নিয়ে এখন প্যাঁচাল করলাম না। কেউ আগ্রহী হলে কমেন্টে বললে পরে বিস্তারিত লিখব। আপাতত সরাসরি মাশরুম চাষ নিয়ে শুরু করলাম—
যে বিষয়গুলো বিবেচনা করতে হবে
✅ ১) অক্সিজেনের অবাধ প্রবেশ
মাশরুমের শ্বাস-প্রশ্বাসের জন্য বাতাস চলাচল খুব দরকার।
✅ ২) অল্প আলোযুক্ত ঘর (৮০–২০০ লাক্স)
এমন আলো, যাতে একজন মানুষ কোনোভাবে কাগজ/পেপার পড়তে পারে। এতে অঙ্কুরোদগম ভালো হয়।
✅ ৩) তাপমাত্রা নিয়ন্ত্রণ (২০–৩০°C)
মাশরুমের বিভিন্ন স্টেজে তাপমাত্রা ভিন্ন লাগে, তাই ২০–৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকা ভালো।
✅ ৪) আর্দ্রতা (৭০%–৮৫%)
ছত্রাক স্যাঁতসেঁতে পরিবেশে বেশি জন্মে, তাই আর্দ্রতা ঠিক রাখতে হবে।
✅ ৫) কার্বন ডাই অক্সাইড বের করে দিতে হবে
ঘরে CO₂ বেশি জমলে মাশরুমের বৃদ্ধি ও আকৃতি নষ্ট হয়।
বিশেষ সাবধানতা
⚠️ ১) চাষঘর ও আশেপাশে পরিষ্কার রাখুন
পরিষ্কার-পরিচ্ছন্নতা থাকলে রোগ-পোকা কম হয়। চারদিকে বাতাস চলাচল হয় এমন জায়গা হলে ভালো।
⚠️ ২) খড় ব্যবহার করলে পরিষ্কার শুকনো খড় নিন
রোগ-পোকামাকড়মুক্ত খড় সংগ্রহ করুন।
কীভাবে করবেন (ধাপে ধাপে)
✅ ১) বিশ্বস্ত জায়গা থেকে স্পন সংগ্রহ করুন
স্পন (মাদার কালচার) অবশ্যই সাদা মাইসেলিয়াম পূর্ণ হতে হবে।
যদি সবুজ/কালো/লাল বা অন্য রঙ দেখা যায়, সেই স্পন বাতিল করুন।
✅ ২) স্পন প্যাকেট কাটুন
প্যাকেটের মুখের দিকে দুই পাশে কাঁধ বরাবর (প্রতি পাশে প্রায় ২ ইঞ্চি) ইংরেজি “D” এর মতো করে কাটুন।
✅ ৩) জীবাণুমুক্ত ব্লেড দিয়ে কাটা অংশ পরিষ্কার করুন
পরিষ্কার ব্লেড গরম পানিতে জীবাণুমুক্ত করে কাটা জায়গার ওপরের মাইসেলিয়াম হালকা করে তুলে দিন।
✅ ৪) স্পন পানিতে ভিজিয়ে নিন (৫–১৫ মিনিট)
স্পনকে ৫–১৫ মিনিট পানিতে উল্টে/ডুবিয়ে রাখুন।
তারপর তুলে ভালোভাবে পানি ঝরিয়ে চাষঘরের মেঝে বা তাকে সাজিয়ে রাখুন।
📌 দূরত্ব:
স্পন থেকে স্পন: ৩ ইঞ্চি
সারি থেকে সারি: ২ ইঞ্চি
এতে শ্বাস-প্রশ্বাস ভালো হয়।
✅ ৫) পানি স্প্রে করুন (আর্দ্রতা ৭০–৮৫%)
আর্দ্রতা ঠিক রাখতে স্পনের চারপাশে পানি স্প্রে করুন—
গ্রীষ্মে: দিনে ৫–৬ বার
বর্ষা/শীতে: দিনে ২–৩ বার
⚠️ সতর্কতা: প্যাকেটে যেন পানি জমে না থাকে।
✅ সূর্য ওঠার আগে বা সূর্য ডোবার পরে স্প্রে করলে ভালো ফলন হয়।
✅ ৬) তাপমাত্রা বেশি হলে ঘর ঠান্ডা করুন
দেয়াল ও মেঝে পানি দিয়ে ভিজিয়ে ফ্যান দিয়ে দরজার দিকে বাতাস করলে ঘর ঠান্ডা হয়।
✅ ৭) পিন বের হবে ২–৩ দিনে
সব ঠিক থাকলে—
২–৩ দিনে পিন (অঙ্কুর) বের হবে
৭–৮ দিনে সংগ্রহ উপযোগী হবে
✅ ৮) ১মবার সংগ্রহের পর “বিশ্রাম” দিন
প্রথমবার মাশরুম তুলার পর প্যাকেটকে কমপক্ষে ১ দিন বিশ্রাম দিন।
তারপর আবার সাদা মাইসেলিয়াম পরিষ্কার করে ধাপ-৪ থেকে আবার শুরু করুন।
📌 সাধারণত ১০–১৬ দিনের মধ্যে ২য় বার সংগ্রহ করা যায়।
কতবার সংগ্রহ করবেন?
একটি প্যাকেট থেকে সাধারণত ৮–১০ বারের বেশি মাশরুম সংগ্রহ করা উচিত নয়।
এবং ৯০ দিনের পর কোনোভাবেই সেই প্যাকেট ব্যবহার করবেন না।
✅ ব্যবহৃত প্যাকেট খুলে ভেতরের মিডিয়া জৈব সার হিসেবে ব্যবহার করা যায়—(ফ্রি সার!)
পোকা-মাকড় দমন
চাষঘরে সাধারণত মাছি, উইভিল, মাইট, পিঁপড়া দেখা যায়।
✅ আসলে ঘর পরিষ্কার রাখলেই বেশিরভাগ সমস্যা কমে যায়।
তারপরও যা করতে পারেন—
ঘরের চারপাশে ব্লিচিং পাউডার/ফিনিস পাউডার ছিটিয়ে দিন
দরজা ও ভেন্টিলেটরে নেট লাগালে সবচেয়ে ভালো
মাইট ও উইভিল প্রতিরোধে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণই যথেষ্ট
মাশরুম সংগ্রহ ও সংরক্ষণ (কাটিং + নিয়ম)
✅ ১) কোন মাশরুম তুলবেন?
বড় হয়েছে কিন্তু এখনো শিরা ঢিলে হয়নি, কিনারাও ফাটেনি—এগুলো উত্তোলনের উপযুক্ত।
✅ ২) বেশি আর্দ্রতায় তুলবেন না
উপযোগী সময়: সকাল বা বিকাল
✅ ৩) হালকা মোচড়ে তুলুন
জোরে টান দিলে মাইসেলিয়াম ক্ষতিগ্রস্ত হয়।
✅ ৪) গোড়া কেটে পরিষ্কার করে রাখুন
✅ ৫) তোলার ১২ ঘণ্টা আগে পানি স্প্রে করবেন না
তাজা মাশরুম সংরক্ষণ
✅ ১) ঠান্ডা জায়গায় রেখে ২–৩ দিন খাওয়া যায়
✅ ২) ফ্রিজে ৭–৮ দিন রাখা যায়
✅ ৩) ২% লবণ পানিতে ২–৩ মিনিট সিদ্ধ করে পানি ঝরিয়ে ঢাকনাযুক্ত কৌটায় রেখে ডিপ ফ্রিজে ৬–৭ মাস রাখা যায়
শুকনা মাশরুম
✅ রোদে ভালোভাবে শুকিয়ে দীর্ঘদিন রাখা যায়।










0 comments:
মন্তব্য করুন